ওয়েবডেস্কঃ
ইউক্রেনের আকাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা (নো-ফ্লাই জোন) জারি না করার ন্যাটোর সিদ্ধান্তকে এই ভাষাতেই সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিমান যাতে আকাশপথে হামলা না চালাতে পারে তার জন্য ন্যাটোর কাছে ইউক্রেনের আকাশকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করার আবেদন করেন জেলেনস্কি।
শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় ন্যাটো। এহেন সিদ্ধান্তের সপক্ষে ন্যাটো জোটের যুক্তি, ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে। তারপরই ক্ষোভ উগরে দেন জেলনস্কি।
তাঁর বক্তব্য, “ইউক্রেনের আকাশপথকে সুরক্ষা দিতে নারাজ ন্যাটো। তারা এমন একটা ধারণা তৈরি করেছে যে আকাশপথ বন্ধ করলে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেধে যাবে। এটা এমন দুর্বল ও অনিশ্চয়তায় জর্জরিতদের ধারণা যাদের কাছে আমাদের চেয়ে অনেক বেশি অস্ত্র রয়েছে। আজ থেকে সব মৃত্যুর দায় ন্যাটোর।”
প্রবল লড়াই চালিয়ে এপর্যন্ত ৯ হাজার রুশ সেনাকে খতম করার দাবি করেছে ইউক্রেন। একইসঙ্গে, প্রতিপক্ষের ২৮০টি ট্যাঙ্ক, ২৫টি যুদ্ধবিমান ও কয়েকশো সাঁজোয়া গাড়ি ধ্বংস করার দাবি করেছে কিয়েভ। পালটা মস্কো জানিয়েছে, এখনও পর্যন্ত তাঁদের ৪৯৮জন জওয়ানের মৃত্যু হয়েছে।
