ওয়েবডেস্কঃ
আগামী সোমবার অর্থাৎ 7 ই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। গত দু’বছর করণা মহামারীর কারণে পরীক্ষা বন্ধ থাকার পর এই প্রথম অফলাইনে আবারো আগের নিয়মে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তাই এবারে ছাত্র ছাত্রীদের স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা , মাধ্যমিক নিয়ে হওয়া যে কোনো রকমের অরাজকতাকে আটকাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
সোমবার সকাল ১১.৪৫ থেকে শুরু হতে চলেছে এই মেগা পরীক্ষা। বারোটা থেকে উত্তর লেখা শুরু। তিনটেয় পরীক্ষা শেষ। কিন্তু পরীক্ষা শুরুর এক ঘণ্টা 15 মিনিটের মধ্যে কেউ নিজের হল থেকে বেরোতে পারবে না বলে কড়া নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ।
কাজের সুবিধার্থে রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলিকে ২৪টি এলাকায় ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগে একজন করে কনভেনর থাকবেন। তাঁদের অধীনে থাকবেন সেন্টার ইনচার্জ, অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার ও পর্ষদ প্রতিনিধি। এই কয়েকজন ছাড়া পরীক্ষা চলাকালীন কেউ পকেটে মোবাইল রাখতে পারবেন না। এবার প্রথম পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের পরীক্ষা প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। নিজের ছেলেমেয়ে বা কোনও আত্মীয় পরীক্ষার্থী থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে হবে। তবে সেক্ষেত্রে তাঁদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষেধ।
পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষাকেন্দ্রের ভিতরে একজন ঢুকতে পারবেন। শুধুমাত্র পরীক্ষার প্রথমদিন মিলবে এই অনুমতি। তবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ১১.১৫ মিনিটে সেই অভিভাবককে বাইরে চলে আসতে হবে। বিশেষ ক্ষমতাসম্পন্ন, দৃষ্টিহীন ও বধির পরীক্ষার্থীরা এবারও ৪৫ মিনিট বাড়তি সময় পাবে। কারও শ্রুতিলেখক থাকলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে পর্ষদের অনুমতি থাকা বাধ্যতামূলক। শুধু পরীক্ষার্থীই নয় শিক্ষক-শিক্ষিকারাও মোবাইল, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর-সহ কোনও বৈদ্যুতিন যন্ত্র পরীক্ষা চলাকালীন কাছে রাখতে পারবেন না বলেও নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের।
ইনভিজিলেটরদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পর্ষদ। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিট পরে কেউ চাইলে খাতা জমা দিতে পারবে। তবে সেই পরীক্ষার্থীর প্রশ্নপত্র জমা রাখতে হবে। পরীক্ষা শেষে ফেরত পাবে প্রশ্নপত্র।
আবার পরীক্ষা শেষের ৩০ মিনিট আগে হলের দরজাগুলি বন্ধ করে সকলের খাতা জমা নেওয়ার পর তা মিলিয়ে দেখে দরজা খোলার নির্দেশ দিয়েছে পর্ষদ। উত্তরপত্র প্যাকেট করার সময় সর্বোচ্চ ৭৫টি খাতা একসঙ্গে রাখা যাবে। ট্রেনে উত্তরপত্র পাঠানোর সময় প্রতিটি পার্সেল ৫০ কিলোর মধ্যে রাখতে হবে। প্রয়োজনে থানায় এফআইআর করে তা দ্রুত জানানোর নির্দেশ দিয়েছেন পর্ষদ সভাপতি।
