Categories
কুলিক রোববার

কুলিক রোববার : বালকের হায়দ্রাবাদ : পর্ব ৫

শৌভিক রায়

শিল্প শিল্পের জন্য বনাম শিল্প জীবনের জন্য

‘দুর্গম চেরেভু’ পার হতেই জুবিলি হিলসের বৈভব চোখে পড়ল। তার আগে হাইটেক সিটির চোখধাঁধানো আধুনিকতায় বিশ্বাসই হচ্ছিল না যে ভারতবর্ষে রয়েছি। বিত্ত আর বৈভবের সঙ্গে রুচি যোগ হয়ে যে কী কান্ড হতে পারে, সেটা চাক্ষুস না দেখলে বোঝা যাবে না। শিল্পরমমে ঢুকে অবশ্য সব কিছুই উধাও হয়ে গেল। এসে পড়লাম আদি ও অকৃত্রিম গ্রামে!

গন্ডগোল লাগছে ? বুঝতে অসুবিধে হচ্ছে ? হওয়ারই কথা। শহরের মধ্যে শহর থাকে, গ্রামের মধ্যে গ্রাম – এটা কমবেশি জানি সবাই। কিন্তু শহরের মধ্যে এমন একটি গ্রাম!
তা বেশ বেশ। নির্মাতাদের কুর্নিশ, এমন ভাবনা ভাবার জন্য।

সবিস্তারেই বলি।

গন্তব্য হ`ল শিল্পরমম। মেগাসিটির হৈচৈ থেকে খানিকটা দূরে মাধপুর এলাকায় তৈরি করা হয়েছে এই গ্রামটি। শিল্প ও স্থাপত্যের আসর বসেছে এখানে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে সাজিয়ে গেছেন এই গ্রামটিকে। কর্পোরেট দুনিয়ার দেখনদারির মাঝে ৬৫ একর জমি নিয়ে ১৯৯২ সালে নির্মিত কৃত্রিম গ্রামটিতে রয়েছে দুরন্ত সব শিল্পকর্ম। সঙ্গে নিজেদের সৃষ্ট জিনিসের পসরা নিয়ে বসেছেন স্থানীয় শিল্পীরা। চলছে বেচাকেনা। বছরভর লেগে আছে শিল্প-প্রদর্শনী সহ লোকসংস্কৃতি বিষয়ক নানা অনুষ্ঠান। শিল্পরমমের মিউজিয়ামে প্রমান সাইজের ১৫টি কুড়েঘর যেমন গ্রামীণ জীবনকে তুলে ধরেছে, তেমনি রক মিউজিয়ামে দেখা যায় আধুনিক স্থাপত্যের অদ্ভুত সব কাজ। রক মিউজিয়ামের সঙ্গে জড়িয়ে আছে শান্তিনিকেতনের সুব্রত বসুর নাম। এথনিক মোটিফ, টেরাকোটা নিয়ে সুসজ্জিত শিল্পরমম তেলেঙ্গানার শিল্পীদের উদ্দেশ্যে সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। হস্তশিল্পের বিপুল সম্ভারের পাশাপাশি কাঞ্জিভরম, টাঙ্গাইল, সম্বলপুরি, কাশ্মীরি, ধর্মাভরম ইত্যাদি নানা ধরণের সিল্কের শাড়ি, সালোয়ার কামিজ ইত্যাদিও পাওয়া যায় এখানে। এম্পিথিয়েটারে প্রায় প্রতি সন্ধ্যায় বসে কর্ণাটকি বা কুচিপুরি সংগীত বা নৃত্যের অনুষ্ঠান। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে পাওয়া যায় শিল্পীর তুলিতে নিজের প্রতিকৃতি। রয়েছে বোটিং বা গরুর গাড়িতে চেপে ঘুরে বেড়াবার ব্যবস্থাও।

কিন্তু দুর্গম চেরেভু? আসলে একটি লেক। তিরাশি একর এলাকা জুড়ে থাকা এই লেক একসময়ে মাছ ধরার জায়গা ছিল। কৃত্রিম ঝর্ণা, সুন্দর আলোকসজ্জা, রক ক্লাইম্বের ব্যবস্থা, লেকের চারপাশে ঘুরে বেড়াবার সুন্দর পথ আর লেকের ওপর সুদৃশ্য সেতু তৈরি হয়ে হায়দ্রাবাদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে দুর্গম চেরেভু।

শহরের ভেতর আজব গ্রাম দেখে উপলব্ধি হল, যতই এগোই সভ্যতার আধুনিকতায়, ভুলতে নেই নিজের শেকড়কে। আজও সারা বিশ্ব গ্রামীণ সভ্যতা ও বিকাশের ওপর দাঁড়িয়ে আছে। তাদের গায়ে আধুনিকতার স্পর্শ লাগলেও, আবহমানতা ও চিরন্তনতায় গ্রামজীবন অমলিন রইবে যতদিন সভ্যতা থাকবে।

অতীতকে তাই ভুললে চলবে না।
আসলে বর্তমান তো অতীতের ভিতের ওপরেই দাঁড়িয়ে…

(ক্রমশ)

1

Leave a Reply Cancel reply