অনিন্দিতা মিত্র
প্রিয় স্মৃতির চোখে চোখ রাখতে যখন কুন্ঠা হয়,
অপেক্ষারা বিবর্ণ হতে হতে ক্রমশঃ একমুখী হয়,
ফাংগাস ভালোবেসে ফেলে উষ্ণতাকে,
আর প্রদীপের মনে পড়ে তার নিজের ঘরের না ঘোচা অন্ধকারের কথা;
তখন জোর করে চোখ খুলতে হয়,
স্বপ্নকে পেরেক, ভবিষ্যৎকে আলকাতরা আর তোমাকে জাদুবাস্তব বলতে হয়,
সুদ নও বলে যে তুমি আর চক্রবৃদ্ধি হারে বাড়লে না কখনো।
আর এই যে যাচ্ছি যাচ্ছি করে না যেতে পারাকে যে মায়া বলে জানতাম আমরা এতকাল,
ওটা আসলে মূঢ়তা,
বালখিল্য লোকলজ্জার ভয়ে ওকে ভুল নামে ডেকে এসেছি।
এবার স্বনামে এবং স্বস্থানে ফিরুক যারা কপালের ফেরে ভ্রমের গলিতে পথ হারিয়েছিল।
