নাগাল্যান্ডের ওটিং গ্রামে নিরীহ গ্রামবাসীদের উপর গুলিচালনার ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল। সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের (Para SF) গুলিতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সমালোচনায় বিদ্ধ প্যারা কমান্ডোরা। তারা ঘটনায় দুঃখপ্রকাশ করলেও সমালোচনা থামছে না। কীভাবে সেনার গুলিতে বিচ্ছিন্নতাবাদীদের বদলে নিরীহ গ্রামবাসীদের মৃত্যু হল, এই প্রশ্ন এড়ানো যাচ্ছে না কিছুতেই। এই ঘটনা যে সংসদেও ঢেউ তুলবে, তা স্বাভাবিক। রবিবার সকালে ঘটনার খবর পেয়ে গভীর সমবেদনা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সংসদে তিনি কী বলেন, সেদিকে তাকিয়ে সবমহল।
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন এই ঘটনা স্বভাবতই তোলপাড় ফেলতে চলেছে। সোমবার লোকসভা অধিবেশনের শুরুতেই কংগ্রেস-সহ (Congress) একাধিক বিরোধীদল ইতিমধ্যেই মুলতুবি প্রস্তাব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি করেছেন তাঁরা। দাবি মেনে সোমবার বিকেলে সংসদের দুই কক্ষে নাগাল্যান্ড গুলি কাণ্ড (Nagaland firing) বিবৃতি দেবেন অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, বিকেল ৩টে নাগাদ লোকসভা এবং বিকেল ৪টেয় রাজ্যসভায় বিবৃতি দেওয়ার কথা তাঁর।
