ওয়েবডেস্কঃ করোনা মহামারিতে নাজেহাল দেশ। মানুষের কাজ নেই।অর্থনীতির হাল বেহাল। কিন্তু তাতে কি! এই ডামাডোল পরিস্থিতিতেও রুটিন মাফিক বেড়েই চলেছে দেশে জ্বালানি তেলের দাম। গত ৪ ঠা মে থেকে এখন পর্যন্ত ২৪ বার বেড়েছে তেলের দাম। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ শনিবার শহরবাসীকে এক লিটার পেট্রলের জন্য ৯৬.০৬ টাকা খরচ করতে হবে। আজ লিটারপিছু ২৬ পয়সা বেড়েছে দাম। যে গতিতে জ্বালানির দাম ঊর্ধ্বমূখী হচ্ছে , তাতে পেট্রলের সেঞ্চুরি করতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। ২৩ পয়সা মূল্যবৃদ্ধি হয়ে এদিন ডিজেলের দাম গিয়ে দাঁড়াল ৮৯.৮৩ টাকায়।
যদিও রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং লাদাখে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রলের মূল্য। আর গত ২৯ মে প্রথম মহানগর হিসেবে মুম্বইয়ে ১০০ টাকা ছাড়িয়েছিল প্রতিলিটার পেট্রলের দাম। যা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। এদিন বাণিজ্যনগরীতে প্রতিলিটার পেট্রল ১০২.৩০ টাকায় এবং ডিজেল মিলছে ৯৪.৩৯ টাকায়। রাজধানী দিল্লিতেও একলাফে অনেকটা বাড়ল জ্বালানির মূল্য। সেখানে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৬.১২ টাকা এবং ৮৬.৯৮ টাকা।