Categories
প্রতিবেদন

করোনা মোকাবিলায় দেশ ও বিদেশে প্রশংসিত রেড ভলেন্টিয়ার

প্রতিবেদন মে,১৭,২০২১: সাম্প্রতিক সময়ে বাংলা এবং সারা ভারতবর্ষের করোনা যুদ্ধে সবচেয়ে আলোচিত ও জরুরি শব্দবন্ধটি সম্ভবত ‘রেড ভলান্টিয়ার’। ক্রিমিয়ার যুদ্ধে ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর অবদান যেমন ইতিহাসে চিরভাস্বর ঠিক তেমনই আমাদের অতিমারী কালীন ইতিহাস পর্যালোচনায় ও এই ‘দামাল যুব গোষ্ঠীর অবদান অস্বীকার করার অবকাশ হয়তো থাকবেনা। এরাই বাংলার স্পার্টা। হ্যাঁ মানুষ ওদের চেনে ‘রেড ভলান্টিয়ার্স’ নামে। সদ্য সমাপ্ত বাংলার ভোট যুদ্ধে ব্যাপকভাবে পরাজিত হতে না হতেই মানব সভ্যতার সঙ্কটময় মুহূর্তে করোনা যুদ্ধে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ওরা। নির্বাচনের জয় পরাজয়ের সংকীর্ণতা থেকে অনেক উর্দ্ধে নিজেদের প্রাণ তুচ্ছ করে এদের অসম লড়াই শুধুমাত্র আর্তের স্বার্থে, জীবনের স্বার্থে। আর তাই আজ বাংলাজুড়ে করোনা যুদ্ধে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে রেড ভলান্টিয়ার্সরাই । আর বলাই বাহুল্য যে নতুন করে দু’চোখ ভরে শিরদাঁড়া টান টান করে গণতন্ত্র প্রেমী মানুষ তথা বাংলার বামপন্থী শক্তির হতাশা দূর করে বামপন্থীদের অক্সিজেন জোগাচ্ছে তরুণ প্রজন্মের এইসব রেড ভলান্টিয়ার্সরা। কিন্তু কারা এরা ? কিভাবেই বা তাঁরা আজ মানুষের একমাত্র ভরসা?

করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে যখন কার্যত বেসামাল বাংলার স্বাস্থ্য পরিকাঠামো, চতুর্দিকে যখন শ্বাস নেওয়ার পরিসর ক্রমেই সংকীর্ণ হয়ে উঠছে প্রতিনিয়ত, হাসপাতাল গুলোতে বাড়ছে লাশের স্তুপ আর স্বজনবিয়োগের হাহাকার অসহায়তা ঠিক তখনই নিজেদের প্রাণ তুচ্ছ করে বুক চিতিয়ে জীবনের জন্য ভালোবাসার জন্য অদক্ষ অপটু হাতেও সীমিত ক্ষমতায় লড়ে যাচ্ছেন এরা। কখনো অক্সিজেন জোগাড় করে, কখনো খাবার,জল বা ওষুধ জুগিয়ে বা কখনো মসিহা হয়ে অসহায় ব্রাত্যজনেদের নিয়ে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে চিকিৎসার ব্যবস্থা করে। মূলতঃ সিপিআই (এম)-এর ছাত্র-যুবরাই রেড ভলান্টিয়ার্স এর মূল চালিকাশক্তি। রাজ্যজুড়ে চালু হয়েছে হেল্পলাইন: https://www.redvolunteerswb.com রাজ্যের যে কোনো প্রান্তেই হোক না কেন? অক্সিজেন, অক্সিমিটার, ঔষধ, খাবার বা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পৌঁছে যাচ্ছে ওরা। না, এক্ষেত্রে শুধু সিপিআই(এম) নয়। বরং দলমত নির্বিশেষে তৃণমূল থেকে বিজেপি কিম্বা কোভিড আক্রান্ত মানুষের ফোন পেলেই প্রয়োজনীয় সহযোগীতার জন্য ছুটে যাচ্ছে ওরা। শুধু তাই ই নয় কোভিড আক্রান্ত হওয়ার পর এলাকা স্যানিটাইজড করছে ওরা। ওদের সাফ কথা মানুষ বড় বিপদে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। আর তাই ই আজ এরাই মানুষের নয়নের মণি, একান্ত স্বজন। সুদূর ইয়র্কশায়ার থেকেও শুভেচ্ছা আসে এদের নামে। প্রশাসনের উদাসীনতা আর কেন্দ্র- রাজ্যের সরকারের পারস্পরিক চাপানোতর- সংকীর্ণতার অনেক উর্দ্ধে উঠে এদের অবস্থান। নির্বাচনী জয় পরাজয়ের হিসেব অতিক্রম করে অপরাজেয় সৈনিকদল।

15

Leave a Reply