অনুগল্প

মোচড়/ভাস্কর চৌধুরী

গার্মেন্টসপট্টির কর্মীরা যেসব বাড়িতে থাকে, তারা উঠোনে হল্লা করছে, আরে বেতন দে খানকির পুত। খাবো না?
এদিকে দুজনের এক ঘর থেকে কাশির শব্দ আসছে। গতরাত থেকে নাকি জ্বর।
হল্লা থেমে গেলো।
সকলের বুক কেঁপে উঠলো। আরেক ঘর থেকে একজন বেরিয়ে এসে বললো , আলেফ কাঁপছে জ্বরে।
ওরা কলতলায় নিয়ে আলেফকে ধোয়াতে বসলো।
তখন আর দুজনের বডি কলতলায় এসে জমা হলো।

বিকেলে বাড়িটা ফাঁকা হয়ে গেলো।
লোকগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক চলে গেলো।

গল্পকথা/ভাস্কর চৌধুরী

সুনীল থাকে স্পেন ।সুনিতা থাকে ইতালি দুজনেই বাঙালি। তাদের ভেতর ইনবক্স চ্যাট হতে হতে প্রেম হলো। কেউ কাউকে দেখলো না। সারারাত চ্যাট। সারাদিন কাজ। ওরা পহেলা বৈশাখ দেখা করবে এমন স্থির ছিলো।
এলো তৃতীয় লিঙ্গ করোনা।
সুনীল :আজ তোমাদের কত?আমাদের ৬৬৮
সুনিতা::আজ আমাদের ৭১২
এভাবে তারা মৃত্যুর আলাপ করে।
আলাপে আলাপে বিষন্নতা বাড়ে।
একদিন সুনীল বললো , জ্বর
সুনিতা বললো, কাশি আছে?
:প্রচন্ড
বলেই সুনীলের দম বন্ধ হবার জোগাড়
একটু পরে বললো, পহেলার দেখা হলো না আর।
এর পর আর কথা নেই।
এখন সুনিতা আইসলেশনে কাশতে কাশতে
চুপ হয়ে গেলো।

:

ভাস্কর চৌধুরী,সাহিত্যিক,ঢাকা, বাংলাদেশ

18